
নিজস্ব প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকায় অজ্ঞাত একটি পরিবহনের চাপায় মোটর সাইকেল আরোহী উদ্দীপন এনজিও’র সিও আব্দুল কাদের মোল্লা (২৩) নিহত হয়েছে। তার বাড়ি জেলার শিবালয় উপজেলায়।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘিওর থানার ওসি আমিনুর রহমার সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আরিচাগামী একটি মোটরসাইকেল যোগে দুইজন যাচ্ছিলেন। পথি মধ্যে বিপরীত দিক থেকে আসা
অজ্ঞাত পরিবহনের একটি চাপায় মোটরসাইকেল আরোহী কাদের মোল্লা ঘটনাস্থলে নিহত হয়। আহত হয়েছে মোটর সাইকেলে আরেক যাত্রী। নিহত কাদের মোল্লা বানিয়াজুরি এলাকায় উদ্দীপণ নামক একটি এনজিও সংস্থায় কর্মরত ছিলেন। লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে উদ্দীপনের ম্যানেজার গোলাম রব্বানী জানান, অল্প কিছুদিন হলো আব্দুল কাদের মোল্লা তাদের এনজিওতে যোগদান করেন। তবে ছুটির দিনে মোটরসাইকেল নিয়ে সে কোথায় গিয়েছিলেন সেটা এখনো জানতে পারিনি। দুর্ঘটনার খবর শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই তার মরদেহ পড়ে আছে।
Leave a Reply