
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ দোয়ারী ও জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। বুধবার উপজেলার আরিচা বন্দর বাজারের মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী।
এসময় আরিচা বন্দর বাজারের পৃথক ৫টি দোকানে তল্লাশি চালিয়ে ৫০ পিস চায়না দুয়ারী ও ২৫০ পিস কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এ সমস্ত জাল যমুনা নদীর তীরে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান শুরু হলে অনেক ব্যবসায়ী ও জাল বিক্রেতা মৎস্য বিভাগের কর্মকর্তাদের দেখে স্থান ত্যাগ করেন। এ সময় তাদের দোকানে রাখা নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
চায়না দুয়ারী ও কারেন্ট জাল জলাশয়ের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব জালে ছোট মাছ, ডিমওয়ালা মাছ ও বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। ফলে প্রাকৃতিক মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, যারা অভিযান চলাকালে পালিয়ে গেছে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মৎস্যসম্পদ সংরক্ষণে জেলা মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া নদী ও উন্মুক্ত জলাশয়ে মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সরকার নিষিদ্ধ জালের ব্যবহার, উৎপাদন, পরিবহন, মজুদ ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে নদী ও জলাশয়ের মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে তিনি জানান ।
Leave a Reply