
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ীর গোয়ালন্দ ও পাবনাকে যুক্ত করে ওয়াই-আকৃতির (ত্রিমুখী) দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার। পদ্মা নদীর ওপর প্রস্তাবিত এ সেতু নির্মাণের বিষয়টি নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজও পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় পদ্মা ব্যারাজ, দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণ নিয়ে আলোচনা হয়েছে। এসব প্রকল্প জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। এরই মধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পদ্মা সেতুর ওয়াই-টাইপ দ্বিতীয় সেতুও নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহারেও এসব প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করেছে সরকার। পদ্মা ব্যারাজ ও ওয়াই-টাইপ সেতুর মধ্যে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে কি না, কিংবা একটি প্রকল্প অন্যটির সম্পূরক হিসেবে কাজ করতে পারবে কি না, সভায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, পদ্মা ব্যারাজের পরিকল্পনা অনুযায়ী কাজ অব্যাহত থাকবে। একই সঙ্গে ওয়াই-টাইপ দ্বিতীয় পদ্মা সেতুও বাস্তবায়ন করা হবে।
প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতুটি মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট ও রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটকে কেন্দ্র করে নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেতুটি ওয়াই-আকৃতির বা ত্রিমুখী জংশন করার প্রস্তাব রয়েছে, যাতে পাবনা ও উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। এ ধরনের সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রেল, সড়ক ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply