
অনলাইন ডেস্ক: দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে আগামী রোববার। ৬ থেকে ৫৯ মাস বয়সি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার বনানীতে হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর, জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধি ডা. বারদান জং রানা প্রমুখ।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ-পরবর্তী দেশে অপুষ্টিজনিত কারণে শিশুদের মধ্যে রাতকানা রোগের হার ৪ দশমিক ১০ শতাংশ ছিল। বর্তমানে রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা (০.০৪%) প্রায় নেই বললেই চলে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ কমেছে। এ ছাড়াও হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমেছে।
তিনি জানান, জোর করে বা কান্নারত অবস্থায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না, ৬ মাসের কম, ৫ বছরের বেশি বয়সি এবং অসুস্থ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলাকালে যাতে কোনো মহল নেতিবাচক প্রচারণার মাধ্যমে এ কার্যক্রমকে ব্যাহত করতে না পারে। সে জন্য সব কর্মী এবং সাংবাদিকদের জনগণের পাশে থেকে মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী।
Leave a Reply