
অনলাইন ডেস্ক: দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে উচ্চরক্তচাপের রোগী। উচ্চ রক্তচাপ মোকাবেলায় সরকার অতি সম্প্রতি কমিউনিটি ক্লিনিকের ওষুধ তালিকায় উচ্চ রক্তচাপ এর ওষুধ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। তবে উচ্চ রক্তচাপ ও উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন অসংক্রামক রোগের ক্রমবর্ধমান প্রকোপ ও মৃত্যু নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি কমিউনিটি ক্লিনিক ও উপজেলা হেলথ কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ এবং এ খাতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বুধবার (১৯ জুলাই) রাজধানীর বিএমএ ভবনে ‘হাইপারটেনশন কন্ট্রোল ইন বাংলাদেশ’ শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় বিশেষজ্ঞরা এ দাবি জানান। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, অনেকেই উচ্চরক্তচাপ পরীক্ষা করেন না। ফলে তাদের স্ট্রোকঝুঁকিসহ অন্য রোগ বেড়ে আরও অর্থব্যয় বাড়ছে। তাই পরীক্ষা ও ওষুধের পেছনে যদি ১ টাকা ব্যয় করা হয়, তাহলে সামগ্রিকভাবে ১৮ টাকার সুফল পাওয়া যায়।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের উচ্চ রক্তচাপ রয়েছে। কমিউনিটি ক্লিনিক পর্যায়ে উচ্চ রক্তচাপের চিকিৎসাসেবা ব্যবস্থা এক্ষেত্রে কার্যকরী এবং ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে ভূমিকা পালন করতে পারে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর লাইন ডিরেক্টর ডা. মো. কাইয়ুম তালুকদার জানান, কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপের ওষুধ প্রদানের সিদ্ধান্ত দ্রুতই বাস্তবায়ন করা হবে। এই কার্যক্রম শুরু হলে দেশে উচ্চ রক্তচাপের প্রকোপ কমে আসবে।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, কিছুদিন আগেও দেশে উচ্চরক্তচাপে আক্রান্তের হার ছিল প্রতি ৫ জনে ১ জন, কিন্তু বর্তমানে সেটি প্রতি ৪ জনে ১ জনে এসে দাঁড়িয়েছে। তার মানে উচ্চরক্তচাপে আক্রান্তের হার দিনদিন বাড়ছে। এদিকে উল্টো আমাদের জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ কমছে। এভাবে যদি রোগের প্রকোপ বাড়তে থাকে, আর বিপরীতে যদি নিয়ন্ত্রণে বরাদ্দ না বাড়ে তাহলে দিন দিন উচ্চ রক্তচাপ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
সভায় আরও বক্তব্য রাখেন জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, এনটিভির হেড অফ নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জহিরুল আলম। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয়ে মূল উপস্থাপনা তুলে ধরেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের হাইপারটেনশন কন্ট্রোল প্রোগ্রামের ম্যানেজার ডা. শামীম জুবায়ের এবং প্রজ্ঞা’র উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয়ক কর্মসূচির সমন্বয়ক সাদিয়া গালিবা প্রভা।
Leave a Reply