
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের হরিরামপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বলড়া ইউনিয়নের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ইমারতকে (৩০) আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার বলড়া ইউনিয়নের বলড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
মঙ্গলবার(১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া মাহফিলে আওয়ামী লীগও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা করে। এতে রিতার ঘরবাড়ি ভাঙচুরসহ তিনজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় প্রায় আড়াই বছর পরে গত ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান ভিপি দুলাল। এতে সাবেক সাংসদ মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়।
এ মামলার তদন্তে বলড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ইমারত জড়িত থাকার বিষয়টি উঠে এবং এলাকায় অরাজকতার সৃষ্টির জন্য গোপন বৈঠকের চেষ্টা করলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এ বিষয়ে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওম তৌফিক আজম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় সু সংঘটিত হয়ে অরাজকতার সৃষ্টির জন্য বৈঠক করার বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এছাড়াও ভাংচুর ও নাশকতা মামলায় তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া যায় বলে ২০২৪ সালের ৩০ অক্টোবর দায়ের করা বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply