
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৭অক্টোবর) দুপুরে উপজেলার রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
বিশেষ অতিথি ছিলেন, মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন,জাতীয় পাওয়ার গ্রিড মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. গিয়াস মাহমুদ,মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার ও মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আমির হোসেন।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রূপসা মাদক নির্মূল কমিটির কমিটির আহ্বায়ক আলহাজ্ব অধ্যাপক মো. আব্দুস ছাত্তার, উলাইল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউদ্দিন মহি, উলাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
উলাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল বারী হিরু, শাকরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বেজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব খানসহ শিক্ষক-শিক্ষার্থী জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরো বলেন, মাদক ও ইভটিজিং আজ সমাজের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও সমাজবিরোধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তারুণ্যের শক্তিকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক শিক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে।
সভা শেষে মাদক,বাল্যবিবাহ, ইভটিজিং ও সকল ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দরা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
Leave a Reply