
অনলাইন ডেস্ক: আবহাওয়া অধিদফতর দেশের যে ৪৪টি স্থানে বৃষ্টিপাত রেকর্ড করে থাকে, তারমধ্যে বুধবার সন্ধ্যা ছয়টার আগের ২৪ ঘণ্টায় ৩৬ স্থানেই বৃষ্টিপাত হয়েছে। অধিদফতর জানিয়েছে, আগামী শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
অধিদফতরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে আসাম পর্যন্ত মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
অধিদপতর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তিন উপকূলীয় বিভাগ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বাকি দুই বিভাগ ময়মনসিংহ ও রাজশাহীর কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি / বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ‘বৃষ্টি / বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।’ আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা উল্লেখ করা হয়েছে, ‘বৃষ্টি / বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।’
বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে সৈয়দপুরে ৩৫.৫ ও কুতুবদিয়ায় ২৪ ডিগ্রি সেলসিয়াস। এই সময় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় টেকনাফে ৯৮ মিলিমিটার।
বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ও সূর্যাস্ত যথাক্রমে ভোর ৫টা ৩২ মিনিটে এবং সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে।
Leave a Reply