
অনলাইন ডেস্ক: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সেন্ট্রাল ক্যাম্পিং ২০২৩ এর ক্যাডেটদের সমাপনী প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার সাভারের বাইপাইলে অবস্থিত বিএনসিসি একাডেমীতে ওই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি বছরের মতো এ বছরও বিএনসিসির সেন্ট্রাল ক্যাম্পিং ২০২২-২৩ বিএনসিসি একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে সেনা, নৌ ও বিমান শাখার সর্বমোট ৬০০ জন্য ক্যাডেট অংশগ্রহণ করেন।
ওই ক্যাম্পিংয়ে বিএনসিসি ক্যাডেটদের ড্রিল, অস্ত্র প্রশিক্ষণসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক বিষয়াবলীর উপরে প্রশিক্ষণ প্রদান করা হয়। ক্যাম্পের সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনী প্রধান ক্যাডেটদের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
প্যারেড পরিদর্শন শেষে প্রধান অতিথির সম্মানে বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনসিসি অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিএনসিসির সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা।
Leave a Reply