
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী সেপ্টেম্বর মাসে ১৭তম জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরের সময় মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট-২, ৬৫-কিলোমিটার খুলনা-মোংলা বন্দর রেলওয়ে লিংক, আখাউড়া (বাংলাদেশ) এবং আগরতলা (ভারত) রেলওয়ে লিংক উদ্বোধন হবে। মঙ্গলবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।
মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট-২ এবং ৬৫ কিলোমিটার খুলনা-মোংলা বন্দর রেলওয়ে লিংক ভারতীয় এলওসির (লাইন অব ক্রেডিট) অধীনে বাস্তবায়িত হয়েছে, অপরদিকে ভারতীয় অনুদানে নির্মিত হয়েছে আখাউড়া (বাংলাদেশ) এবং আগরতলা (ভারত) রেলওয়ে লিংক।
প্রধানমন্ত্রী ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশকে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আনার অনুমতি দেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। এ সময় ভারত তাদের গ্রিডের মাধ্যমে ভুটান থেকে বিদ্যুৎ আমদানির অনুমতি দেবে বলেও আশা প্রকাশ করেন। বৈঠকে উভয়েই বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে টাকা-রুপির বিনিময় ব্যবস্থা, সংযোগ, ভারতীয় এলওসির অধীনে চলমান প্রকল্প এবং অনুদান নিয়েও আলোচনা হয়।
টাকা-রুপি বিনিময় ব্যবস্থার বিষয়ে ভারতীয় হাইকমিশনার উল্লেখ করে বলেন, ক্রেডিট কার্ডের মতো দুই ধরনের কার্ড ইস্যু করা হবে। একটি রুপি কার্ড এবং অন্যটি টাকা কার্ড। উভয় পক্ষই এই কার্ডগুলো ইস্যু করবে যাতে দুই দেশের মানুষ তাদের অর্থ প্রদানের জন্য এই কার্ডগুলো ব্যবহার করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, বিপুলসংখ্যক বাংলাদেশি বিভিন্ন কাজে ভারতে যান এবং তারা কার্ডটি ব্যবহার করতে পারবেন।
প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশকে একটি স্মার্ট দেশে রূপান্তরিত করার উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ভারতীয় হাইকমিশনার বলেন, এই উদ্যোগ খুবই ইতিবাচক সাড়া তৈরি করেছে। দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে সমগ্র বিশ্বের পাশাপাশি ভারত বিশেষ করে গ্লোবাল সাউথের জন্য আওয়াজ তুলবে উল্লেখ করে দিল্লিতে জি-২০ সম্মেলনের সময় সমগ্র বিশ্বের পাশাপাশি গ্লোবাল সাউথের জন্য বিশেষ করে ভারত আওয়াজ তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর এট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পিএমও সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply