
অনলাইন অর্থনীতি ডেস্ক: সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাড়াতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা। এ লক্ষ্যে দুদেশের চেম্বার পর্যায়ে সমঝোতা স্মারক সই হয়েছে।
রোববার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) পক্ষেক্ষ বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী এবং ভারত চেম্বার অব কমার্সের (বিসিসি) পক্ষে বিসিসি সভাপতি এন জি খৈতান সমঝোতা স্মারকে সই করেন। বিসিআই বোর্ডরুমে এ সমঝোতা সই অনুষ্ঠান হয়।
উভয় দেশের ব্যবসায়ীরা মনে করছেন, এ সমঝোতার ফলে দুদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে নতুন দ্বার খুলবে। পাশাপাশি দুদেশের ব্যবসা-বাণিজ্যে তথ্য আদান-প্রদান ও সহযোগিতাও সম্প্রসারিত হবে।
দুদেশের চেম্বার সংশ্লিষ্টরা জানান, ভারত চেম্বার তাদের অফিসে ‘ঢাকা ডেস্ক’ এবং বিসিআই অফিসে ‘কলকাতা ডেস্ক’ স্থাপন করবে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত বাণিজ্য মেলা, প্রদর্শনী এবং সেমিনারে অংশগ্রহণের সুযোগ সম্পর্কে তথ্য আদান-প্রদান করবে, সর্বোপরি দুদেশের ব্যবসা এবং বিনিয়োগ উন্নয়নে কাজ করবে উভয় চেম্বার।
অনুষ্ঠানের শুরুতে বিসিআই সভাপতি অতিথিদের স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক শিল্প খাত, ব্লু ইকোনমি, তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাত রয়েছে। এসব খাতে ভারত সহযোগিতা করতে পারে এবং যৌথ উদ্যোগে কাজ করতে পারে। এক্ষেত্রে প্রযুক্তিগত এবং স্কিল ডেভেলপমেন্ট ও ট্রেনিং নিয়ে কাজ করার সুযোগ রয়েছে।
ভারত চেম্বারের সভাপতি এন জি খৈতান বলেন, বাংলাদেশ ও ভারত দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ এবং ঘনবসতিপূর্ণ দেশ। এখানে বিশাল ভোক্তাশ্রেণি আমাদের শক্তির জায়গা। আমরা বিসিআই সভাপতির সঙ্গে একমত পোষণ করি এবং স্কিল ডেভেলপমেন্ট ও ট্রেনিং, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক শিল্প খাতসহ সম্ভাবনাময় খাত নিয়ে আমরা যৌথ উদ্যোগে কাজ শুরু করব।
অনুষ্ঠানে বিসিআইর পক্ষে ঊর্ধ্বতন সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী, সহ-সভাপতি মোহাম্মদ ইউনুছ, পরিচালক-শহীদুল ইসলাম নিরু, ড. দেলোয়ার হোসেন রাজা, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাব্বত উল্লাহ, জিয়া হায়দার মিঠু, ড. যশোদা জীবন দেব নাথ, শাহিদ আলম, রুসলান নাসির, খায়ের মিয়া, নাজমুল আনোয়ার, ইসহাকুল হোসেন সুইট, সেলিম জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে ভারত চেম্বারের পক্ষে ঊর্ধ্বতন সহ-সভাপতি নরেশ পচিসিয়া, রাজকুমার আগরওয়াল, সদস্য-বিক্রম তাঁতিয়া, সোমেশ দাশগুপ্ত, অরিন্দম মুখোপাধ্যায়, রাঘবেন্দ্র গুপ্ত, রমেশ কুমার মহেশ্বরী, হেমন্ত খৈতান, কেকা শর্মা, অভিক রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক সইয়ের পর বিসিআই সভাপতি এবং বিসিসি সভাপতির নেতৃত্বে প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে করণীয় নানা দিক নিয়ে আলোচনা হয়।
এর আগে বিসিআইয়ের আমন্ত্রণে শনিবার ৩ দিনের সফরে ভারত চেম্বারের সভাপতি এন জি খৈতানের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়। সফরে প্রতিনিধি দলটি বাণিজ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও বেজা চেয়ারম্যান, বিড চেয়ারম্যান, শিল্প সচিব এবং এফবিসিসিআই সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি ব্যবসায়ী মহলের সঙ্গে মিলিত হবেন।
Leave a Reply