
অনলাইন ডেস্ক: বিএনপির নয়াপল্টনে সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সব প্রবেশমুখে তল্লাশি চালিয়েছে পুলিশ। তল্লাশি চলাকালে ২ শতাধিক বিএনপি নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছে দলটি। তবে আটকের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।
বুধবার সকাল থেকে গাবতলী, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার, হেমায়েতপুর বিরুলিয়া ও বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের মড়াগাং, গাজীপুরের টঙ্গী ও নারায়ণগঞ্জে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। তবে আওয়ামী লীগ সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা যানজটের কবলে পড়লে উল্টো পথেই যাতায়াত করতে দেখা গেছে। তাদের পুলিশি বাধার মুখে পড়তে হয়নি। বুধবার বেলা ৩টায় ডিএমপি কমিশনার গেটের সামনে দিয়ে উল্টো পথে আওয়ামী লীগের নেতাকর্মীদের ট্রাকে করে যেতে দেখা গেছে। বুধবার সরেজমিন রাজধানীর বিভিন্ন স্থানে এসব চিত্র দেখা গেছে।
বুধবার ভোর থেকে বিএনপি সমাবেশস্থলে দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা যোগ দিতে দেখা গেছে। এ সময় যাত্রাবাড়ী, কমলাপুর, মতিঝিল ও আরামবাগ এলাকায় পুলিশের বাধার মুখে পড়েন তারা। অপরদিকে গাজীপুর থেকে বিএনপি নেতাকর্মীরা টঙ্গী হয়ে ঢাকার অভিমুখ আবদুল্লাহপুরে এসে পুলিশি বাধার মুখে পড়েন। বাসে তল্লাশি চালিয়ে এরপর তাদের ছেড়ে দেওয়া হয়। বেলা বাড়ার সময় মগবাজার ফ্লাইওভারের ওপর দিয়ে সব বাস ও ট্রাক বন্ধ রাখা হয়। এ সময় অফিসগামী ও অফিস ছুটির পর চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা।
নয়াপল্টন ও কাকরাইলে পুলিশের ব্যাপক তৎপরতা : বিএনপির সমাবেশস্থল ঘিরে পোশাকে ও সাদা পোশাকে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রতিটা মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসিয়েছে। বুধবার দুপুরে সরেজমিন দেখা গেছে, ডিএমপির নির্ধারিত সময়ের আগেই নয়াপল্টনে উপস্থিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা। এতে তীব্র যানজটে পড়তে হয়েছে নগরবাসীকে। মগবাজার থেকে কাকরাইল মোড়, বিজয়নগর থেকে পুরানা পল্টন মোড়, শাহাবাগ থেকে প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হয়। সমাবেশকে ঘিরে বিএনপি কার্যালয়ের সামনে ও বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। কাউকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা পুলিশ কাজ করছে
মগবাজার ফ্লাইওভারে বিকাল সাড়ে ৪টায় ছয় পুলিশ সদস্যকে বিভিন্ন মোটরসাইকেল থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। শান্তিনগরে ২০-৩০ জনের একটি পুলিশ টিম দেখা যায়। শান্তিনগর থেকে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে দেখা গেছে পুলিশের কয়েকটি প্রিজনভ্যান, সাঁজোয়া ট্যাঙ্ক ও পুলিশের গাড়ি। এ সময় তাদের মধ্যে আতঙ্কের ছাপ দেখা গেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছিল পর্যাপ্ত পুলিশ সদস্য। পল্টন এলাকার বিভিন্ন অলিগলিতে ছিল পুলিশের উপস্থিতি।
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পল্টন এলাকার নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে পল্টন থানার ওসি সালাহউদ্দীন মিয়া বলেন, বিএনপি কার্যালয়ের সামনে স্বাভাবিক ডিউটির চেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারও জানমালে বা ক্ষতি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পল্টন থানার ওসি।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, সমাবেশকে ঘিরে পুলিশের ব্যাপক প্রস্তুতি ছিল। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। মতিঝিল বিভাগ ছাড়াও অন্য বিভাগের পুলিশও সমাবেশকে কেন্দ্র করে আনা হয়েছে। সমাবেশের নামে যদি কেউ নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা করে সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।
টঙ্গী-আবদুল্লাহপুরে পুলিশের তল্লাশি : সরেজমিন দেখা গেছে বুধবার দুপুরে রাজধানীর আবদুল্লাহপুর মোড়ে পুলিশের তল্লাশি চৌকি। ঢাকামুখী সড়কের পাশে ও সড়কের ওপর দাঁড়িয়ে আছেন ১০/১২ জন পুলিশ সদস্য। কোনো মোটরসাইকেল, ব্যক্তিগত ও বাসসহ যানবাহন আসতে দেখলেই দূর থেকে হাতের ইশারায় থামাতে বলছেন। গাড়ি থামাতেই শুরু করছেন তল্লাশি। তাদের জিজ্ঞাসা করছেন, ‘নাম কী, যাবেন কোথায়, ব্যাগে কী, পরিচয়পত্র আছে কি না’ ইত্যাদি প্রশ্ন করতে দেখা গেছে।
সাভারে বিএনপি নেতাকর্মীদের আটক: সমাবেশে যাওয়ার সময় সাভারে বিএনপি নেতাদের আটক, বাড়িতে অবরুদ্ধ করে রাখা এবং বেশ কয়েকটি মাইক্রোবাসের চাবি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিএনপির নেতাকর্মীরা জানান, ঢাকা জেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলমকে সাভারের ছায়াবীথি এলাকার শ^শুরবাড়িতে অবরুদ্ধ করে রেখেছে সাভার মডেল থানা-পুলিশ। নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে খোরশেদের আনা অর্ধশতাধিক কর্মী মাইক্রোবাসে করে আনায় গাড়ির চাবি নিয়ে গেছে পুলিশ। এ সময় অর্ধশত কর্মীকে আটক করা হয়। তবে পুলিশ বলছে, বিএনপির সমাবেশকে ঘিরে সাভার থেকে কাউকে আটক করিনি, এমনকি কারও গাড়িও আটকানো হয়নি।
বিএনপি সূত্র জানায়, আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে চেকপোস্ট থেকে আটকানো কয়েকজনকে প্রিজনভ্যানে তুলছে পুলিশ। ঢাকার প্রবেশ পথ আমিনবাজার ও বিরুলিয়ায় পুলিশের চেক পোস্ট থেকে সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ অন্তত ৫০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম বুধবার এই অভিযোগ করেন।
খোরশেদ আলম দুপুর আড়াইটার দিকে বলেন, পুলিশের বাধার মুখে আমরা সমাবেশে যেতে পারিনি। আমাদের ভাড়াকৃত ৪০টি মাইক্রোবাস আটকে দেয় পুলিশ। পরে নেতাকর্মীরা সমাবেশে যোগদানের উদ্দেশ্য বিভিন্ন পরিবহনের মাধ্যমে যাচ্ছিলেন। সমাবেশে যাওয়ার পথে আমিনবাজার চেকপোস্ট থেকে আমাদের অন্তত ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া বিরুলিয়া চেকপোস্ট থেকে সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ ১০ থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে সাভার মডেল থানায় রাখা হয়েছে বলে জানতে পেরেছি। তবে বিএনপির নেতাকর্মীদের আটকের বিষয়টি অস্বীকার করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। তিনি বলেন, ‘চেকপোস্ট থেকে কাউকেই তুলে নেওয়া বা আটক করা হয়নি।
আমিনবাজার চেকপোস্টে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, এটা নিয়মিত চেকপোস্টের অংশ। সমাবেশকে ঘিরে রাজধানীতে কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য চেকপোস্টে তল্লাশি চালানো হয়েছে। তবে কাউকেই আটক করা হয়নি।
ফরিদপুরে ছাত্রদলের ১৩ নেতাকর্মী আটক : ফরিদপুর জেলা ছাত্রদলের ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে তাদের মাইক্রোবাস থেকে নামিয়ে আটক করা হয়। আটকরা বিএনপি সমাবেশস্থলে যোগ দিতে ফরিদপুর থেকে মাইক্রোবাস করে ঢাকায় আসছিলেন। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, ফরিদপুর ছাত্রদলের কোনো নেতাকর্মীকে আটক করা হয়নি। এ বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই।
নারায়ণগঞ্জ : বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়া নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের পুলিশ তল্লাশির নামে বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া সমাবেশে যাওয়ার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে বিএনপির ২৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। সন্ধ্যায় মুচলেখা নিয়ে ওই ২৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় এলাকা থেকে নেতাকর্মীদের আটক করা হয় বলে অভিযোগ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। তিনি বলেন, আটকদের মধ্যে ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি সিদ্দিকুর রহমান উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান মিজান, সাবেক যুবদল নেতা সাজিদুল ইসলাম সেলিমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।
বিএনপি নেতাকর্মীরা জানান, জেলার আঞ্চলিক ও মহাসড়কের পয়েন্টগুলোতে পুলিশ তল্লাশি করছে। এ সময় ঢাকাগামী পরিবহনগুলোতে তল্লাশি চালানো হয়। বিশেষ করে সমাবেশগামী বিভিন্ন পরিবহনে তল্লাশি চালিয়েছে পুলিশ। পুলিশ যাত্রীদের বহন করা ব্যাগসহ পুরো গাড়ি তল্লাশি করে। নগরীর চাষাঢ়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইন বোর্ডের ঢাকামুখী সড়কে বেশ কয়েকটি সমাবেশগামী বাস আটকে দেওয়ার খবর পাওয়া গেছে। সেখানে পরিবহনের সংশ্লিষ্ট কাগজ-পত্র না থাকার অজুহাতে তাদের ঢাকা যেতে দেওয়া হয়নি।
নেতাকর্মীদের আটকের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আল-মামুন জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে বিএনপির ২৯ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
উল্টো পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা : বেলা ৩টায় ডিএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে দিয়ে উল্টো পথে পরপর কয়েকটি ট্র্রাকে করে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেতে দেখা গেছে। দুপুর ১২টায় উত্তরা হাউজ বিল্ডিংয়ের সামনে উল্টো পথ দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে দুটি বাস যেতে দেখা যায়। এ ছাড়া দুপুরেও বিমানবন্দর সড়কে একই চিত্র দেখা গেছে।
সুত্র:সময়ের আলো
Leave a Reply