
অনলাইন ডেস্ক: পবিত্র কুরআনের ছোট একটি সুরার নাম ইখলাস। ইখলাস অর্থ একনিষ্ঠতা ও ভক্তিপূর্ণ আনুগত্য। ইসলামের প্রাথমিক সময়ে সুরাটি অবতীর্ণ হয়। সুরাটি ছোট হলেও মর্যাদায় অগ্রগামী। হজরত আবু সাঈদ খুদরি (রা.) বলেন, এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সুরা ইখলাস পড়তে শুনেছেন।
অতঃপর সকালে নবী (সা.)-কে এ বিষয়টি অবহিত করা হয়। তখন নবী (সা.) বলেন, ওই সত্তার শপথ! যার কুদরতি হাতে আমার জীবন, অবশ্যই এ সুরা কুরআন মাজিদের এক-তৃতীয়াংশের সমান (বুখারি : ৫০১৩)।
অর্থাৎ এ সুরা একবার পাঠ করলে এক-তৃতীয়াংশ কুরআন খতমের সওয়াব মিলবে। তিনবার পাঠ করলে পুরো কুরআন পাঠের সওয়াব মিলবে। সুরা ইখলাস জান্নাত লাভের কারণ হবে। নবী (সা.)-এর কাছে একবার এক সাহাবি এসে বললেন, ‘হে আল্লাহর রাসুল, আমি সুরা ইখলাসকে ভালোবাসি।’ তখন রাসুল (সা.) বলেন, ‘এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে’ (বুখারি : ৭৭৪)। আরেক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে এসে দারিদ্র্যের অভিযোগ করল। তখন নবী (সা.) তাকে বললেন, ‘যখন তুমি ঘরে ফিরবে, তখন সালাম দেবে এবং একবার সুরা ইখলাস পড়বে।’ এ আমল করার কিছু দিনের মধ্যে তার অভাব দূর হয়ে যায়। (তাফসিরে কুরতুবি)
Leave a Reply