
অনলাইন ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে নগরে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম এবং যন্ত্রপাতি কিনতে ১২১ কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দ করেছে ডিএনসিসি।
সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণাকালে এ তথ্য জানান মেয়র আতিকুল ইসলাম।
মেয়র আতিকুল ইসলাম বলেন, এ বছরের বাজেটে মশা নিধনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেটে নগরে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম এবং যন্ত্রপাতি কিনতে ১২১ কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে । মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে এবার ৮৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করবে ডিএনসিসি। গত অর্থবছরে এই কার্যক্রমে ব্যয় ছিল ৫২ কোটি ৬০ লাখ টাকা। নতুন অর্থবছরে এই খাতে বাড়ানো হয়েছে ৬১ শতাংশ।
মেয়র বলেন, জনগণকে সচেতন করতে ডিএনসিসির ১০টি অঞ্চলে ১০ জন ডেডিকেটেড পিআর নিযুক্ত করার পাশাপাশি মশক নিয়ন্ত্রণে মশার প্রজাতি ও মশার আচরণ নির্ণয় করে সঠিক ও কার্যকরী পদক্ষেপ নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণার জন্য চুক্তি করা হয়েছে।
এবারের বাজেটে মশার ওষুধ বাবদ ৪৫ কোটি টাকা, আগাছা পরিষ্কার ও পরিচর্যায় ১ কোটি ৫০ লাখ টাকা, ফগারহুইল স্প্রে মেশিন পরিবহন ৫ কোটি টাকা, মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে বিশেষ কর্মসূচি ১ কোটি টাকা, আউট সোর্সিংয়ের মাধ্যমে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ৩০ কোটি টাকা, মশক নিয়ন্ত্রণে চিরুনি অভিযান পরিচালনার জন্য ২ কোটি টাকা এবং ডেঙ্গু মোকাবিলা পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রচারে ৭ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া মশা নিয়ন্ত্রণ যন্ত্রপাতি কিনতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ব্যয় করবে ৩০ কোটি টাকা, যা গত অর্থবছরে ছিল ১৫ কোটি টাকা। এই অর্থবছরে এ খাতে খরচ বৃদ্ধির হার শতভাগ। সব মিলিয়ে মশার সঙ্গে যুদ্ধে এই অর্থবছরে ১২১ কোটি টাকা ৮৪ লাখ টাকা খরচ করবে উত্তর সিটি করপোরেশন।
Leave a Reply