
অনলাইন ডেস্ক: ২৪ মে ২০২৫
দেশের তরুণ প্রজন্ম এবং খুদে বিজ্ঞানীদের উৎসাহ দিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে সহধর্মিণী ডা. জোবাইদা রহমান বলেছেন, বিশ্বের বুকে তোমরা বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।
শুক্রবার (২৩ মে) বিকালে জেডআরএফ কার্যালয়ে ‘ভার্চুয়াল বিজ্ঞান মেলা-২০২৪’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর মধ্য দিয়ে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে বক্তব্য রাখেন জুবাইদা রহমান।
মেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর জেডআরএফের বোর্ড অব ডিরেক্টরস কমিটির সদস্য এবং উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন জোবাইদা রহমান। অনুষ্ঠানে জেডআরএফের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বিভিন্ন কর্মকাণ্ডের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে শিশু-কিশোর বিজ্ঞানীদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য অভিনন্দন জানিয়ে ডা. জোবাইদা রহমান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খুদে বিজ্ঞানীদের মেধা, অধ্যবসায় এবং আত্মনির্ভরশীলতা সত্যিই অসাধারণ এবং আমাদের মুগ্ধ করেছে। আমি প্রত্যাশা করি, তোমরা জীবনের প্রত্যেক ক্ষেত্রে স্বার্থক হও এবং বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল কর। বিজ্ঞানের প্রতি তোমাদের যে মমত্ববোধ সেটি দেখে আশা করি ভবিষ্যতে তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর মানুষের জন্য কিছু করবে। ইনশাআল্লাহ আমাদের সবার সহযোগিতা থাকবে।
বিজ্ঞানচর্চা বিষয়ে সমস্যার সমাধান পেতে যেকোনো সময় বিচারকমণ্ডলীর কাছে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, বিজ্ঞানচর্চার কোনো শেষ নেই। এর মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে। আমার বিশ্বাস, তোমরা তা পারবে। তোমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ নিজ নিজ ক্ষেত্রে স্বার্থক হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।
শিশু-কিশোর ও নতুন প্রজন্মের মাঝে বৈজ্ঞানিক উদ্ভাবন ও সর্বতোভাবে বিজ্ঞানচর্চার অনুপ্রেরণা দিতে গত ৪ বছর ধরে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় বিজয়ী ১৭ জনের মধ্যে পুরস্কার (ল্যাপটপ) ও সনদ বিতরণ করা হয়।
জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের ভার্চুয়াল সভাপতিত্বে এবং ডাইরেক্টর (প্রোগ্রাম) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। এরপর তিনি ডা. জোবাইদা রহমানকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংগঠনের কার্যালয়ে স্বাগত জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভার্চুয়াল বিজ্ঞান মেলার আহ্বায়ক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ভার্চুয়াল বিজ্ঞান মেলার বিশেষ সমন্বয়ক ড. এসএম সোহাগ আউয়াল প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার (ভার্চুয়ালি) বলেন, ভার্চুয়াল বিজ্ঞান মেলা যে সম্ভব সেটি প্রমাণিত করেছেন জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান। আগামীতে সশরীরে বিজ্ঞান মেলার আয়োজন করা হবে ইনশাআল্লাহ।
ভার্চুয়াল বিজ্ঞান মেলায় ‘ক’ গ্রুপের বিজয়ী হয় জায়ান মো. হামজা, ‘খ’ গ্রুপে কাইসান আহিয়ান রেজা ও ‘গ’ গ্রুপে বিজয়ী হয় নুসরাত মিথিলা।
গতকাল জেডআরএফের কার্যালয়ে ভার্চুয়াল বিজ্ঞান মেলায় বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়ার পাশাপাশি সংগঠনের বোর্ড অব ডাইরেক্টরস ও উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন। তারেক রহমানকে প্রেসিডেন্ট ও ডা. জোবাইদা রহমানকে ভাইস প্রেসিডেন্ট করে ২০২৪ সালের ১৪ নভেম্বর ২৩ সদস্যের পরিচালনা পর্ষদ ‘বোর্ড অব ডাইরেক্টরস কমিটি’ গঠন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। এ ছাড়া ৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম (ফাইন্যান্স), ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী (প্ল্যানিং), কৃষিবিদ খন্দকার মাহফুজুল হক বাচ্চু (প্রোগ্রাম), প্রকৌশলী মাহবুব আলম (প্রোগ্রাম), অধ্যাপক ড. লুৎফর রহমান (প্রোগ্রাম), অ্যাডভোকেট মোহাম্মদ আলী (প্রোগ্রাম), আমিরুল ইসলাম কাগজী (প্রোগ্রাম), অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, কৃষিবিদ আনোয়ারুননবী মজুমদার বাবলা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ব্যারিস্টার মীর হেলাল, অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন, প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী ও হাফিজ আল আসাদ সাঈদ খান।
উপদেষ্টাদের মধ্যে ছিলেন ডা. এএস হায়দার পারভেজ, কৃষিবিদ অধ্যাপক ড. আবদুল করিম, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ। এছাড়াও বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম শামসুল ইসলাম শামস, তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমেদ, অ্যাডভোকেট মেহেদুল ইসলাম, জেডআরএফের ডা. পারভেজ রেজা কাকন, ডা. মাসুদ আখতার জীতু, ডা. সাজিদ ইমতিয়াজ, মেহেদী হাসান সোহেল, প্রকৌশলী আদনান রুশদী, সাংবাদিক শফিকুল ইসলাম, প্রকৌশলী আসিফ হোসেন রচি প্রমুখ।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষায় ১৯৯৯ সালের ১৮ অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশন গঠন করা হয়। এর চেয়ারম্যান তারেক রহমান। ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা- এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’ এ স্লোগান নিয়ে এ অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনটি গরিব, দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
Leave a Reply