
অনলাইন ডেস্ক: চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে সার্বিক রফতানি আয় আশা জাগালেও ধস নেমেছে কৃষিপণ্য রফতানিতে। চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) কৃষিপণ্য রফতানি হয়েছে ৬২ কোটি ৩১ লাখ ৮ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৪৮০ কোটি ৩২ লাখ ৩২ হাজার টাকা। যা রফতানি লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ দশমিক ৩৯ শতাংশ কম।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য বিশ্লেষণে এ চিত্র দেখা যায়।
ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কৃষিপণ্য রফতানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৯ কোটি ৫২ লাখ ২০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার ৩১০ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। এই ৮ মাসে রফতানি হয়েছে ৬ হাজার ৪৮০ কোটি ৩২ লাখ ৩২ হাজার টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৮২৯ কোটি ৯৬ লাখ ৪৮ হাজার টাকা কম।
বিশে^র বিভিন্ন দেশে বাংলাদেশ আট ধরনের কৃষিপণ্য রফতানি করে থাকে। এরমধ্যে সবচেয়ে বেশি রফতানি হয় ড্রাই ফুড। এর পরেই আছে তামাকজাতীয় পণ্য। সবচেয়ে কম রফতানি হয় ফুল ও ফলজাতীয় পণ্য।
ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চা-জাতীয় পণ্য রফতানি হয়েছে ১৪ লাখ ৮ হাজার মার্কিন ডলার। সবজি জাতীয় পণ্য রফতানি হয়েছে ৩ কোটি ৯৯ লাখ ২০ হাজার ডলার। তামাকজাতীয় পণ্য ১৩ কোটি ৩ লাখ ৯০ হাজার ডলার, ফল ও পাতাজাতীয় পণ্য ৪ হাজার ডলার, ফলজাতীয় পণ্য ৩ লাখ ৬০ হাজার ডলার, মসলাজাতীয় পণ্য ২ কোটি ৫২ লাখ ২০ হাজার ডলার, ড্রাই ফুড ১৪ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ডলার এবং অন্যান্য কৃষিপণ্য রফতানি হয়েছে ২৮ কোটি ৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।
শুধু কৃষিপণ্য নয়, রাবারজাতীয় পণ্যের রফতানিও কমেছে ৪৪ দশমিক ২৮ শতাংশ। চলতি অর্থবছরের ৮ মাসে রাবারজাতীয় পণ্য রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৩ কোটি ৮৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বিপরীতে রফতানি হয়েছে ২ কোটি ১৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।
চামড়া ও চামড়াজাতীয় পণ্যের রফতানি কমেছে ৯ দশমিক ৯৮ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত টার্গেট ছিল ৯২ কোটি ৪৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বিপরীতে রফতানি হয়েছে ৮৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।
হাতে তৈরি পণ্যের রফতানিতেও বড় ধস নেমেছে। চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৩ কোটি ২১ লাখ ১০ হাজার মার্কিন ডলার বিপরীতে রফতানি হয়েছে মাত্র ১ কোটি ৮৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪০ দশমিক ৮৬ শতাংশ কম।
এদিকে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৪ মাস বেড়েছে রফতানি আয়। সদ্য বিদায়ি ফেব্রুয়ারিতে রফতানি আয় হয়েছে ৪৬৩ কোটি ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৮১ শতাংশ বেশি।
২০২২ সালের তুলনায় রফতানি আয় বাড়লেও লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৬৮ শতাংশ কমেছে রফতানি আয়। চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসে বিশ^^বাজারে বাংলাদেশের পণ্য রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৪৮০ কোটি ৭০ লাখ ডলার। আর রফতানি হয়েছে ৪৬৩ কোটি ১ লাখ ৮০ হাজার ডলার।
Leave a Reply