
নিজস্ব প্রতিবেদক:আরিচা-কাজিরহাট নৌরুটে নাব্যতা সংকটের কারণে ডুবোচরে ফেরি আটকে পড়েছে।
বৃহস্প্রতিবার ( ৮ মে) সকাল সাড়ে সাতটার দিকে আরিচা থেকে কাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি ‘শাহ আলী’ যমুনার নদীর ডুবোচরে আটকে যায় । এসময ফেরিতে ১৩ টি ট্রাক ও দুটি প্রাইভেট কার এবং কিছু যাত্রী রয়েছে। ফেরিতে থাকা সকলেই আতঙ্কে রয়েছে। বিআইডব্লিউটিসি’র টাগবোট দিয়ে ফেরিটি ছাড়ানোর চেষ্টা চলছে।
আরিচা ঘাট থেকে ১ কিলোমিটার দুরবর্তী স্থানে ডুবোচরের কারণে এ নাব্যতা সংকটের সৃষ্টি হয়েছে। ফলে উক্ত নৌরুটে চলাচলরত ফেরিগুলো মাঝে মধ্যেই আটকে পড়ছে।
এর আগেও গত মঙ্গলবার (৬ মে) বেলা ১১:৫০ ঘটিকায় আরিচা ঘাটের অদুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের একটি ফেরি কাজিরহাট থেকে আরিচা আসার পথে ডুবোচরে আটকে পড়ে।
বিআইডব্লিউটিসি’র আরিচা নৌ-অঞ্চলের ম্যানেজার আবু আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আরিচা ঘাটের অদুরে ডুবোচরের কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচলে একটু সমস্যা হচ্ছে। বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়েছে।
Leave a Reply