
অনলাইন ডেস্ক: দেশে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। এ জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (৯ মার্চ) তেজগাঁওয়ে এক কোটি কার্ডধারী স্বল্প আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, এখন এক কোটি মানুষ টিসিবির এ সেবা পাচ্ছেন। বিশ্ববাজারের কারণে দেশে পণ্যের দাম বেশি, তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে আরও বেশি মানুষকে সাশ্রয়ী মূল্যে টিসিবির মধ্যে আনার লক্ষ্যেই আমরা কাজ করছি।
তিনি বলেন, সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়ার জন্য আমাদের এ কার্যক্রম। রমজান মাসের আগেই মানুষের হাতে পণ্য পৌঁছে দেওয়া হবে। সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সাশ্রয়ী মূল্যে খাবার দেওয়ার চেষ্টা করছেন। সে লক্ষ্যেই আমরা কাজ করছি।
টিপু মুনশি বলেন, আগামী ৩০ মার্চ পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীরা যেন পণ্য পায় সেটা নিশ্চিত করতে হবে।
পবিত্র রমজান উপলক্ষে বৃহস্পতিবার থেকে ঢাকাসহ সারাদেশে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভোজ্যতেল, চিনি, খেজুর, ছোলা ও মসুর ডাল ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে।
কার্ডধারীরা প্রতি কেজি চিনি ৬০ টাকা, খেজুর ১০০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৫০ টাকা এবং সয়াবিন তেল ১১০ টাকা লিটারে কিনতে পারবেন।
Leave a Reply