
নিজস্ব প্রতিবেদক: শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ ও খেলাধুলায় উৎসাহিত করতে মানিকগঞ্জের শিবালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে শিবালয় উপজেলা প্রশাসনের আয়োজনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে মূল উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির আওতায় ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ করা হবে। একই সঙ্গে তাদের প্রতিভা বিকাশ, খেলাধুলায় আগ্রহ সৃষ্টি এবং ক্রীড়াকে ভবিষ্যৎ পেশা হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এমরান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. দবিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা চৌধুরী, উপজেলা আইসিটি কর্মকর্তা আকতারুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com