
শাহজাহান বিশ্বাস: মানিকগঞ্জের শিবালয়ের বিভিন্ন বাজারে এলপিজি গ্যাসের সরবরাহ কম থাকায় এ সুযোগককে কাজে লাগিয়ে গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশী দামে বিক্রি করার অভিযোগ উঠেছে ডিলার ও খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে। শুধু তাই নয় কোম্পানির সাথে না মিললে বোতল এক্সচেঞ্জে গুণতে হচ্ছে বাড়তি টাকা। এ যেন মড়ার ওপর খড়ার ঘা। বাজারে গ্যাস না থাকায় অধিকাংশ বাসাবাড়িতে গ্যাস ব্যবহারকারিরা পড়েছেন চরম বিপাকে।
বুধবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে খুচরা বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, মাত্র দু’/একটি কোম্পানি বাদে আর কোন কোম্পানি গ্যাস সরবরাহ করছে না। তাও চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছে না। যে কারণে বাজারে গ্যাসের এ সংকট দেখা দিয়েছে। গ্রাহকরা বলছেন বাজারে অন্যান্য কোম্পানির সরবরাহ না থাকায় দুই একটি কোম্পানির সরবরাহ থাকলেও ডিলাররা বেশী দামে বিক্রি করছে। অনেকেই বিভিন্ন বাজার ঘুরেও পাচ্ছে না গ্যাস। গোপনে বেশী দাম দিলে মিলে গ্যাস। ডিলার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে বেশি লাভের আশায় কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তুলেছেন ভোক্তারা। কোম্পানির ডিলার ও ব্যবসায়ীরা মিলে সিন্ডিকেট করে গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করেছেন বলে ভোক্তাদের ধারনা। এই সিন্ডিকেট না ভাঙতে পারলে বাজারে গ্যাস পাওয়া যাবে না বলে গ্রাহকরা মনে করছেন।
এদিকে সিন্ডিকেট করে গ্যাস সিলিন্ডার মজুতের অভিযোগ অস্বীকার করে ডিলার ও ব্যবসায়ীরা বলেন, কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছে না ডিলারদেরকে। বিদেশ থেকে তরল গ্যাস না আসার কারণে বিভিন্ন কোম্পানিগুলো এলপিজি সিলিন্ডার সরবরাহ করতে পারছে না।
উপজেলার আরিচা ঘাট, জাফরগঞ্জ, উথুলী, টেপড়া, রূপসা আমডালাসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারগুলোতে ইউনিক, বসুন্ধরা, ডেল্টা, আই, ফ্রেস, ভিন, পেট্রোমেক্স, জি গ্যাস ও ওমেরা নামের গ্যাস সিলিন্ডার এতদিন বাজারে ছিল। কিন্তু হঠাৎ করেই এসব গ্যাস সিলিন্ডার বাজারে পাওয়া যাচ্ছে না। শুধু পেট্রোমেক্স ও ওমেরা এই দু’টি পাওয়া গেলেও সরবরাহ একেবারেই কম।বেশী দাম দিলে মিলে এ দু’টি কোম্পানির সিলিন্ডার।
এছাড়া বিগত কয়েক মাস আগে থেকেই বেক্সিমকো এবং প্রায় এক মাস ধরে বসুন্ধারা কোম্পানি ডিলারদের কাছে গ্যাসের সিলিন্ডার সরবরাহ বন্ধ করে দিয়েছে। ওমেরা কোম্পানির গ্যাস সিলিন্ডার বন্ধ না হলেও সরবরাহ কম। এছাড়া পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ডিলাররা খুচরা দোকানে সিলিন্ডার সরবরাহ করতে পারছে না। ফলে বাজারে গ্যাসের সংকট দেখা দিয়েছে। ভোক্তাদের অনেকে মনে করছেন, উপজেলার সাতটি ইউনিয়নে একসঙ্গে এলপি গ্যাসের সিলিন্ডার সংকট দেখা দেওয়া বিষয়টি আর স্বাভাবিক সংকট নয়।
উপজেলার ৭ট ইউনিয়নের বাজারগুলোতে বেশির ভাগ দোকানেই এলপি গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। দিনের পর দিন ক্রেতারা দোকানে ঘুরে ঘুরে শুনছেন ‘গ্যাস নাই সাপ্লাই বন্ধ, কবে গ্যাস আসবে তাও তারা জানে না’। প্রায় ১৫দিন ধরে চলছে এভাবে। এ অবস্থায় যারা মাঝেমধ্যে গ্যাস বিক্রি করছেন, তারাই নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে চড়া দামে বিক্রি করছেন। ভুক্তভোগীদের ভাষ্য, মাত্র এক সপ্তাহ আগেও যে সিলিন্ডার নির্দিষ্ট দামে পাওয়া যেতো। সেটিই এখন ৩শ’/৪শ’ টাকা বেশি দাম কিনতে হচ্ছে। ১৩শ’ ৬টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৭শ’ টাকা করে।আবার একই কোম্পানির না হলে বোতলের জন্য আরো ২শ’ টাকা বেশী দিতে হচ্ছে। সবমিলিয়ে এখন একটি গ্যাসের সিলিন্ডার ক্রয় করতে লাগছে ১৯০০ টাকা।
স্থানীয় গৃহিণীরা বলছেন, যারা গ্রামের বাড়িতে থাকে তারা মাটির চুলা বা বিকল্পভাবে রান্না করতে পারেন। কিন্তু যারা বাসা বাড়িতে থাকেন তাদের বেশী অসুবিধা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক খুচরা বিক্রেতা বলেন, গ্যাস সিলিন্ডার একেবারেই নেই এটি সত্য না। কিছু ডিলার ও দোকানদারের কাছে মজুত থাকতে পারে। সেগুলো মজুত রেখে হয়তো গোপনে বেশি দামে বিক্রি করছেন তারা।
মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাপতি এবিএম সামছুন্নবি তুলিপ বলেন, কেউ যদি এভাবে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করে সেটি শাস্তিযোগ্য অপরাধ হবে। এটি ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের পাশাপাশি ফৌজদারি অপরাধ।
শিবালয়ের ওমেরা গ্যাসের ডিলার মেসার্স নাভান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু বক্কর বলেন, সিন্ডিকেটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কোম্পানি থেকে পাওয়া যাচ্ছে না, এ কারণেই বাজারে গ্যাস নেই। কোম্পানি গ্যাস দিচ্ছে না, এ কারণে তারাও দোকানে সরবরাহ করতে পারছেন না।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com