
অনলাইন ডেস্ক: রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব নির্দেশনার মধ্যে রয়েছে-সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বোরো চাষের জন্য বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ ঠিক রাখা, ঈদকে সামনে রেখে শ্রমঘন জেলাগুলোতে নজরদারি বাড়ানো, বড় ধরনের জঙ্গি হামলার বিষয়ে সতর্ক থাকা, রোহিঙ্গা শিবির ঘিরে জঙ্গি সংগঠনের তৎপরতা বন্ধ করা, ফেসবুকে সরকারের নেতিবাচক প্রচারণা সম্পর্কে সচেতন থাকা, পঞ্চগড়ের আদলে সারা দেশে যেন বিএনপি-জামায়াত অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়ানো।
বুধবার গণভবনে নিরাপত্তা-সংক্রান্ত জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সভার শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত সেলের পক্ষ থেকে একটি পাওয়ার পয়েন্টসহ একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে গত বছরের ১৩ জুনের সভায় নেওয়া সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং ও বর্তমান বৈশি^ক পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। একই সঙ্গে উল্লেখ করা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে মূল্যবৃদ্ধি কিছুটা হয়েছে। শুধু বাংলাদেশেই নয়, এর প্রভাব সারা বিশে^ পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সুযোগকে কাজে লাগিয়ে বিএনপি-জামায়াতসহ স্বার্থান্বেষী মহল সরকারবিরোধী মনোভাব সৃষ্টির পাঁয়তারা করছে।
সভায় বেশ কয়েকটি পণ্যের সঙ্গে গত বছরের ১ জানুয়ারি থেকে গত ১৩ মার্চ পর্যন্ত তুলনামূলক চিত্র উপস্থাপন করা হয়। যেখানে দেখা যায়, সয়াবিন তেল গত বছরের জানুয়ারিতে ছিল লিটার ১৩৮ টাকা। আর চলতি বছর মার্চে এসে তা দাঁড়িয়েছে ১৭২ টাকা। অর্থাৎ গত এক বছরে দাম বৃদ্ধি পেয়েছে ২৪ দশমিক ৬৩ শতাংশ। মসুর ডাল গত বছরে ছিল কেজি ৯০ টাকা। আর চলতি বছরে হয়েছে কেজি ১১৫ টাকা। অর্থাৎ গত এক বছরে বৃদ্ধি পেয়েছে ২৭ দশমিক ৭৭ শতাংশ। চিনি ছিল গত বছরে কেজি ৭৫ টাকা। আর এ বছরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১২০ টাকা। অর্থাৎ গত এক বছরে বৃদ্ধি পেয়েছে ৬০ শতাংশ। ছোলা গত বছরে ছিল কেজি ৭০ টাকা। এ বছরে হয়েছে ৮৫ থেকে ৯০ টাকা। অর্থাৎ গত এক বছরে বৃদ্ধি পেয়েছে ২১ থেকে ২৮ শতাংশ। খেজুর গত বছর ছিল মরিয়ম ৪৪০ টাকা। এ বছরে হয়েছে কেজি ৭০০ টাকা। অর্থাৎ গত এক বছরে বৃদ্ধি পেয়েছে ৫৯ দশমিক ০৯ শতাংশ। একইভাবে মোটা সরু চাল, খোলা আটা, খোলা ময়দা, ডিম ও ব্রয়লার মুরগির দামের তারতম্য তুলে ধরা হয়।
তবে ব্রয়লার মুরগির দাম শুনে সভার অনেকে বিস্ময় প্রকাশ করেন। কারণ এই ব্রয়লার মুরগি দেশেই উৎপাদন হয়।
সভায় জানানো হয় দেশে বছরে মোট চালের চাহিদা প্রায় ৩ কোটি ৪০ লাখ মেট্রিকটন। দেশে উৎপাদিত মোট চালের বেশিরভাগ আসে বোরো থেকে। এর পরিমাণ দেশে উৎপাদিত মোট চালের ৫৫ শতাংশ। এবার আমন ধানের ফলন আশানুরূপ হয়েছে। আসন্ন বোরো মৌসুমেও ভালো ফলন আশা করা হচ্ছে। এর ফলে বাজার স্থিতিশীল থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। চালের পাশাপাশি গমের চিত্র তুলে ধরা হয়েছে।
সভায় কোন কোন গ্রুপের কাছে কী পরিমাণ অপরিশোধিত ভোজ্য তেল ও চিনি মজুদ রয়েছে তা বিশেষভাবে অবহিত করা হয়। একই সঙ্গে রমজান মাসে এসব পণ্যের চাহিদা কী পরিমাণ রয়েছে তা উল্লেখ করা হয়।
আসন্ন গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকলেও মাঝেমধ্যে লোডশেডিং হতে পারে বলে আভাস পাওয়া গেছে।
সভায় অত্যন্ত গুরুত্ব পায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের কর্মকাণ্ড গভীর পর্যবেক্ষণ ও নজরদারিতে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো যেন কোনোভাবেই অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
রোজার মাসে কোনো কলকারখানায় যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়টি নজরদারিতে রাখতে বলা হয়েছে। এ ছাড়াও জঙ্গি সংগঠন যেন কোনোভাবেই মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সবসময় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের বছর হিসেবে এখন যেন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের অঘটন না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।
সভায় কেএনএফের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com