নিজস্ব প্রতিবেদক: জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের মানিকগঞ্জের সদর উপজেলায় অবস্থিত ওয়্যারহাউজে শ্রমিকদের ঢুকতে বাঁধা দিয়েছে বিএনপি নেতার অনুসারীরা। ট্রান্সপোর্ট ব্যবসা এবং আউটসোর্সিং কর্মী নিয়োগের ঠিকাদারিকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের সাথে স্থানীয় নেতা-কর্মীদের সম্পর্কের অবনতি ঘটলে জোরপূর্বক শ্রমিকদের প্রতিষ্ঠানে ঢুকতে বাঁধা দেওয়া হয়।
শনিবার (৩ মে) সকাল ৯ টায় জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের সামনে অর্ধশতাধিক নারী-পুরুষ আউটসোর্সিং শ্রমিক ফ্যাক্টরিতে কাজের জন্য এসেও ওয়্যার হাউজের ভিতরে প্রবেশ করতে পারেনি। পাশাপাশি ওয়্যারহাউজে ঢুকতে পারেনি প্রতিষ্ঠানের কর্মচারী-কর্মকর্তারাও।
জানা গেছে, ট্রান্সপোর্ট ব্যবসা, আউটসোর্সিং কর্মী নিয়োগসহ ওয়্যার হাউজ পরিচালনার যাবতীয় কাজ আওয়ামী লীগ সরকারের আমল থেকে করে আসছিল জাকির ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। এই প্রতিষ্ঠানটির সাথে জেটি ইন্টারন্যাশনাল চুক্তি বাতিল করলেও নতুন করে চট্টগ্রামের এক ভেন্ডারকে দিয়ে কাজ করাচ্ছে। সকল চুক্তি বাতিল করে বিএনপিপন্থি ভেন্ডার এম এস ট্রেডার্সের সাথে নতুন চুক্তির দাবিতে স্থানীয় এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা শ্রমিকদের ওয়্যার হাউজে ঢুকতে বাধা দেয়।
রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ওয়্যার হাউজের কর্মীদের সাথে বিএনপিপন্থি নেতাকর্মীদের এই চুক্তি বাতিল প্রসঙ্গটি নিয়ে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। এখনো পর্যন্ত চুক্তি বাতিল না করায় কর্মীদের ওয়্যারহাউজে ঢুকতে বাঁধা দেওয়া হয়েছে বলে দাবি বিএনপিপন্থি শ্রমিক নেতাদের।
এ সময় ওয়্যার হাউজের সামনে জেলা টিসিবির সভাপতি ও জেলা বিএনপি নেতা আবুল কালাম, সদর উপজেলা বিএনপি'র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ জহির, জাগীর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. বাবু, সদর থানা কৃষকদলের সহ-সভাপতি সাইদুল ইসলাম সাজলু, জেলা বিএনপির সদস্য ফরিদুজ্জামান ফরিদ, সাবেক ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রবিনসহ ২০ থেকে ২৫ জন বিএনপির অঙ্গ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। এদের প্রত্যেককেই মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আতার অনুসারী।
এ বিষয়ে জেটিআই ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের ইনচার্জ সাইদুজ্জামান বলেন, লেবারদের ওয়্যারহাউজে ঢুকতে না দেওয়ায় স্থানীয় যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি তারা আউটসোর্সিংয়ের ঠিকাদারি, ট্রান্সপোর্ট ব্যবসা করতে আগ্রহী আমরা তাদের নিয়মমাফিক অফিসিয়াল প্রসিডিওর মেইনটেইন করে ভেন্ডার লাইসেন্স জমা দিতে বলেছি। তারা কাজ করলে আমাদের প্রতিষ্ঠানের দিক থেকে কোন সমস্যা নেই। তবে প্রতিষ্ঠানে শ্রমিকদের ঢুকতে না দেওয়ার মতো ঘটনা কাম্য নয়। পুলিশ এসে ঘটনা সমাধানের চেষ্টা করছে।
এ ঘটনার পর-পরই সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বলেন, 'টিম ঘটনাস্থল পরিদর্শন করছে। আমরা দ্রুত এ সংকট সমাধানের চেষ্টা চালাচ্ছি।'
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com