
নিজস্ব প্রতিবেদক:সড়কে দুর্ঘটনা কমানোর লক্ষ্যে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. খায়রুল ইসলাম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রাণী কর্মকার, মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক প্রকৌশলী মোবারক হোসেন, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি খন্দকার তুহিনসহ বিভিন্ন বাস মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধিবৃন্দ, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের প্রতিনিধিবৃন্দ।
সভায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের করণীয়, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, 'তিন চাকার গাড়ী ও বাইক দুর্ঘটনার অন্যতমন কারন। একারনে তিন চাকার গাড়ীগুলিকে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে চলতে দেওয়া হবে না।
রুট পারমিট ছাড়া কোন গাড়ীকে সড়কে চলতে দেওয়া হবে না। লাইসেন্সবিহীন চালককে গাড়ী দেওয়া যাবে না। হেল্পারগণ যাতে গাড়ী চালাতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। একইসাথে সড়কের ত্রুটি মুক্ত করতে সড়ক ও জনপথ বিভাগকে ব্যবস্থা নিতে হবে।'
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com