
অনলাইন ডেস্ক: কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো. নজরুল ইসলাম কাতারের সহকারি শ্রম সচিব জনাব হাসান আল ওবাইদলীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার (২০ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে কাতারে বাংলাদেশী কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এ সময় রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানিয়ে কাতারের সহকারি শ্রম সচিব বাংলাদেশ ও কাতারের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
কাতারের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের অবদানের বিষয়ে আলোচনা কালে তিনি বলেন যে, দুই দেশের মধ্যকার ভাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
রাষ্ট্রদূত সহকারি শ্রম সচিবকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ বছর প্রধানমন্ত্রীর পরপর দুইটি সফর দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে সাহায্য করবে। আমিরের আসন্ন বাংলাদেশ সফরের মধ্য দিয়ে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরে রাষ্ট্রদূত কাতারে বাংলাদেশ শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে কার্যক্রমকে গতিশীল করার জন্য কাতারের সহকারি শ্রম সচিবের দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। এগুলো হলো- কতিপয় কোম্পানিতে বকেয়া বেতনের বিষয়ে শ্রমিক অসন্তোষ, অনিয়মিত কর্মীদের নিয়মিত করন, স্পন্সরশীপ পরিবর্তন, কিউ.ভি.সি ইত্যাদি। এ বিষয়ে কাতারের সহকারি শ্রম সচিব তার মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস দেন এবং তিনি দূতাবাস এবং কাতার শ্রম মন্ত্রণালয় কর্তৃক ফোকাল পয়েন্ট নির্বাচনের মাধ্যমে কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো সমাধান করা সহজ হবে বলে মতামত প্রদান করেন। রাষ্ট্রদূত কাতারের সহকারি শ্রম সচিবের ফোকাল পয়েন্ট নিয়োগ সংক্রান্ত প্রস্তাবনাকে সাধুবাদ জানান এবং তিনি এ বিষয়ে দূতাবাসের পক্ষ হতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও তারা বাংলাদেশি কর্মীদের কাতারের নিয়মকানুন ও সংস্কৃতি বিষয়ে অবহিত করার জন্য বেশি বেশি সচেতনতামূলক কর্মসূচির উপর গুরুত্বারোপ করেন। মিশন ও শ্রম মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্টের নিয়মিত বৈঠকের মধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান করা হবে তারা অভিমত ব্যক্ত করেন।
বৈঠকে কাতারে বাংলাদেশের শ্রম বাজার সম্প্রসারণ এবং কাতারের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশ হতে আরও বেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাতারের শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মিশন উপ-প্রধান মো. ওয়ালিউর রহমান, কাউন্সের (শ্রম) জনাব মোহাম্মদ মাশহুদুল কবীর এবং প্রথম সচিব তনময় ইসলাম।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com