অনলাইন ডেস্ক: মন্ত্রিসভার বৈঠক করতে দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সচিবালয়ে আসছেন। প্রচলিত নিয়মে মন্ত্রিসভার বৈঠক মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে হয়ে থাকে। কিন্তু বেশ কয়েক দিন ধরে এখানে আর বৈঠক হচ্ছে না।
আজ বৈঠক হবে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায়। এই বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পর সচিবালয়ে আসছেন। এতদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হচ্ছিল। আজ তার ব্যতিক্রম ঘটতে যাচ্ছে।
অন্যদিকে আজকের মন্ত্রিসভা বৈঠকে ১৮টি এজেন্ডা অন্তর্ভুক্ত থাকছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে এর মধ্যে ৪টি বিষয় হচ্ছে মন্ত্রীদের বিদেশ সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা।
এজেন্ডার মধ্যে বেশ কয়েকটি বিষয় হচ্ছে, বিভিন্ন আইনের খসড়া ও চূড়ান্ত অনুমোদন।
আর এগুলো হচ্ছে-আনসার ব্যাটালিয়ন আইন ২০২৩, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) আইন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় আইন, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আইন।
এ ছাড়াও এজেন্ডায় অন্তর্ভুক্ত রয়েছে-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বিধিমালা সংশোধন, বাংলাদেশ ও মরিসাসের মধ্যে বিদ্যমান দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত চুক্তির সংশোধনের জন্য খসড়া প্রটোকল, ফেনী জেলার সোনাগাজীতে সরকারি মালিকাধীন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ও মারুবেনি করপোরেশন জাপানের উদ্যোগে জয়েন্ট ভেঞ্চার চুক্তি গঠনের প্রস্তাব, বাংলাদেশ ও জর্ডানের মধ্যে কো-অপারেশন ইন ফিল্ড ম্যানপাওয়ার বিষয়ক সমঝোতা স্মারক অনুমোদন, প্লাস্টিক শিল্প উন্নয়ন নীতিমালা খসড়া অনুমোদন, সরকারি প্রতিষ্ঠানে ইন্টারশিপ নীতিমালা, জাতীয় শিক্ষক দিবসের পরিবর্তে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন অন্তর্ভুক্তিকরণ।
মন্ত্রিসভা বৈঠকে অংশগ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট সবাইকে বৈঠকের ৪৮ ঘণ্টা আগে কোভিড টেস্টের রিপোট মন্ত্রিসভা বৈঠকে প্রবেশের সময় দেখানোর জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com