অনলাইন ডেস্ক: প্রথমবারেরমত রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত গেল মেট্রোরেল। শুক্রবার (৭ জুলাই) আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় সেতুমন্ত্রী জানান, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেল চলাচল উদ্বোধন করবেন।
ওবায়দুল কাদের বলেন, আগামী অক্টোবরে চালু হবে মেট্রোরেলের ফার্মগেট, সচিবালয় এবং মতিঝিল স্টেশন। এরপর পর্যাক্রমে বাকিগুলো চালু হবে। মোট ৬টি মেট্রো লাইন করা হয়েছে। ২০২৩ সালের মধ্যে এ ৬টির কাজ সম্পন্ন করতে পারব বলে আশা করছি।
এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকাল ৪টায় আগারগাঁও স্টেশনের প্ল্যাটফর্ম থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল চলবে। এ পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে এই রুটে সবার জন্য সকাল ৮টা থেকে রাত ৮টা এবং এমআরটি পাসধারী যাত্রীদের জন্য রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।
এদিকে শুক্রবার আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধনের দিন জানা যায়, ফার্মগেট, কাওরানবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, হয়ে সচিবালয় দিয়ে মতিঝিলের এ পথে এখন নিয়মিত চলবে বিভিন্ন পর্যায়ের পরীক্ষামূলক চলাচল। বিকেলে এ পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয় আগারগাঁও স্টেশন থেকে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে ডিএমটিসিএল পরীক্ষামূলক চলাচল শেষ করতে চায়। এরপর যাত্রী নিয়ে চলাচল শুরু হবে।
পরীক্ষামূলক এ চলাচলের প্রথম ধাপ পারদর্শিতা পরীক্ষা বা পারফরম্যান্স টেস্ট। এর পরের ধাপে হবে সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট। চূড়ান্ত পর্যায়ে হবে ট্রায়াল রান বা পরীক্ষামূলক চলাচল।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com